গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে  ছেলের  ধাক্কায় বৃদ্ধ মা রহিমা বেগমের (৮৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।এ ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী গা ঢাকা দিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান কেরে দেন।এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সাথে তার মামা ও মামাতো ভাইদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আজ বুধবার রাতে ঝগড়া শুরু হয়।

এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। এক পর্যায়ে উত্তেজিত ছেলে নুরুল গাজী তার বৃদ্ধ মাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান: "হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।"

গোপালগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ আনিচুর রহমান বৃদ্ধ নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশের ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

(টিবি/এএস/এপ্রিল ১৬, ২০২৬)