নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইউনুস শেখ (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস শেখ ডাঙ্গী ইউনিয়নের খইয়া গ্রামের বাসিন্দা এবং শেখ আদেল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুস শেখ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় তিনি বাশাগাড়ী রেলগেট এলাকায় অসংলগ্নভাবে চলাফেরা করছিলেন। এ সময় ফরিদপুরগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়রা রেলগেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
(পিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)
