মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বজ্রপাতে ২ ব্যক্তি নিহত হয়েছে। জমিতে গরু আনতে গিয়ে একব্যক্তি ও অপরজন ফুটবল খেলার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে নিহত হন। আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক বজ্রাঘাতে এই দুইজনের মৃত্যু হয়।
স্বজনরা জানান, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রিজান ঢালী (১৬)। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এমকে/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)
