স্টাফ রিপোর্টার : জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের ফল কার্যকরের দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে গণমিছিল, সেমিনার ও সমাবেশের মাধ্যমে আন্দোলন চালানো হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল ঢাকায় ১১ দলের উদ্যোগে গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে দেশের সব জেলা সদরে গণমিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জেলা ও বিভাগীয় শহরে লিফলেট বিতরণ এবং রাজনৈতিক সংকট নিরসনে বিশিষ্টজনদের অংশগ্রহণে সেমিনার আয়োজন করা হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, ২ মে’র পর ১২টি সিটি কর্পোরেশন ও বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বড় জনসভা অনুষ্ঠিত হবে।
সবশেষে রাজধানীতে একটি ‘জাতীয় মহাসমাবেশ’করার পরিকল্পনাও রয়েছে জোটের।

তিনি অভিযোগ করেন, জনগণ নতুন রাষ্ট্র কাঠামোর আশায় ভোট দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না।
বরং নানা অজুহাতে গণরায়ের ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কারও বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।
জুলাই সনদে যে সংস্কারের কথা বলা হয়েছিল, তা আজ উপেক্ষিত।

তিনি আরো বলেন, দেশে ভয়াবহ জ্বালানি সংকট চললেও সরকারের মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে তা অস্বীকার করছেন। তিনি আরও বলেন, পেট্রোল পাম্পে গাড়ির লম্বা লাইন, সার সংকটে কৃষি কাজ ব্যাহত হচ্ছে, আর স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্যদিকে ফ্যাসিবাদী স্টাইলে প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ চলছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা মামুনুল হক। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (অব.), জাগপার মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

(ওএস/এএস/এপ্রিল ১৭, ২০২৬)