স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবলে নতুন ভূমিকায় দেখা যাবে লিওনেল মেসিকে। কাতালুনিয়া অঞ্চলের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেইয়ার সম্পূর্ণ মালিকানা কিনেছেন আর্জেন্টাইন মহাতারকা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

স্থানীয় প্রতিভা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই ক্লাব কিনেছেন বর্তমান বিশ্বকাপজয়ী অধিনায়ক।

স্পেনের ফুটবলে মেসির দীর্ঘ অধ্যায় কেটেছে বার্সেলোনার জার্সিতে। প্রায় দুই দশক ক্লাবটিতে খেলে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন তিনি, যা দুই ক্ষেত্রেই ক্লাবের রেকর্ড।
তার নেতৃত্বে বার্সেলোনা জিতেছে ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা।

বার্সেলোনায় তার শেষ মৌসুমে কোপা দেল রেতে কর্নেইয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল।
তবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় দুই ম্যাচ নিষেধাজ্ঞা পেয়ে সেই ম্যাচে আর মাঠে নামা হয়নি তার।

ফুটবলার জীবনের পাশাপাশি ক্লাব মালিকানায় এটিই প্রথম নয় মেসির। আগে সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেসকে সঙ্গে নিয়ে উরুগুয়ের চতুর্থ বিভাগের ক্লাব দেপোর্তিভো এলএসএম গড়ে তুলেছিলেন তিনি।

এ ছাড়া তরুণদের বিকাশে ‘মেসি কাপ’ নামের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টও চালু করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বের বিভিন্ন প্রান্তের আটটি একাডেমি দল অংশ নেয় এই আসরে, যা অনুষ্ঠিত হয় মায়ামিতে।

গত ডিসেম্বরে এই টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট।

ক্লাব মালিকানার মাধ্যমে ফুটবলের উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।


(ওএস/এএস/এপ্রিল ১৭, ২০২৬)