‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
স্টাফ রিপোর্টার : নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে দেশের নিরীক্ষা খাতের সার্বিক অবস্থা ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী আইসিএবির আলোচনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, জাতীয় সম্পদ সুরক্ষার ক্ষেত্রে নিরীক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে।
আইসিএবির প্রতিনিধিরা বিগত সময়ে সিএমএ-কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের নিরীক্ষা করার অধিকার দেওয়ার প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে বলেন, দেশের নিরীক্ষা কার্যক্রম আইসিএবির মাধ্যমে পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে। নিরীক্ষাতে আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড ছাড়া নিরীক্ষা করার অধিকার বাড়ালে এ খাত আস্থা হারাতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের অর্থ আইনে সিএমএ’দের নিরীক্ষা করার অধিকার দেওয়ার প্রস্তাব তোলা হলেও আইসিএবির আপত্তিতে সেটা চূড়ান্ত আইন হয়নি। কিন্তু একই ধরনের প্রস্তাব ২০২৬ সালের সংশ্লিষ্ট আইনে পুনরায় বিবেচনায় আসতে পারে বলে সে প্রশ্নে সরকার যেন সচেতন থাকে তার অনুরোধ জানায় আইসিএবি।
আইসিএবির প্রতিনিধিদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত খান, ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মেহাদি হাসান, ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এবং প্রধান নির্বাহী শুভাশিস বসু উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/এপ্রিল ১৭, ২০২৬)
