ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আওয়াল খান লালন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি ছাত্রদলের রাজনীতি ছাড়া আনুষ্ঠানিক এ ঘোষণা দেন।
লালন তার ওই স্টাটাসে লিখেন, আজ থেকে তিনি কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নিজেকে সম্পৃক্ত রাখতে চান না এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতার সঙ্গেও তার সম্পৃক্ততা থাকবে না। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ভদ্র ও সুশীল সমাজে তাদের মতো মানুষের প্রয়োজন নেই বলে তিনি মনে করছেন। তাই তিনি ব্যক্তিগতভাবে ছাত্রদলের রাজনীতির বাইরে থেকে স্বাধীনভাবে চলাচল করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি সবার প্রতি অনুরোধ করেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক ব্যক্তি যেন তার সাথে কোনো প্রকার যোগাযোগ না করেন।
তিনি আরও জানান, এখন থেকে নিজের সকল কাজের দায়-দায়িত্ব তিনি নিজেই বহন করবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর উন্নয়ন ও বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবেন।
তার বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে থেকে সমাজের কল্যাণে কাজ করাই এখন তার মূল লক্ষ্য। এছাড়া তার বক্তব্য, ব্যবহার ও কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান জেলা ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়ানো এ ছাত্রনেতা।
(আরআর/এএস/এপ্রিল ১৭, ২০২৬)
