বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম মাতুব্বর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। সংকটজনক অবস্থায় ওই যুবককে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তামিম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপার গ্রামের চড়ক মেলা ও উৎসব শেষে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মাদারীপুরের নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে শান্তিপুর এলাকায় পৌঁছালে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিমসহ ৩ জন আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ শেখ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তামিমকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় তামিম মাতুবব্বর নিহত হয়েছে। বাকী দুই আরোহী গুরুতার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
(ওএস/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)
