রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের একটি শ্মশানের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় এক নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘ছাগল খাইয়া’ নামক হিন্দুপাড়া শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় সন্ধ্যা রানী নাথ নামে এক পথচারী শিশুর কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখেন, সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কন্যা শিশু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। মানবিক দিক বিবেচনা করে তিনি তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।
বর্তমানে শিশুটি উদ্ধারকারী সন্ধ্যা রানী নাথ ও স্থানীয় বাসিন্দা প্রমোদ দে-র হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা ও পরিচর্যা প্রদান করছেন। শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। এভাবে একটি অসহায় শিশুকে শ্মশানের পাশে ফেলে যাওয়া কাম্য নয়। বড় কোনো বিপদ হওয়ার আগেই সৃষ্টিকর্তার কৃপায় শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটি নিরাপদ আশ্রয়ে আছে।"

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকের আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তিনি বলেন, নবজাতকটির প্রকৃত মা-বাবার পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘটনাটি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত ও চেষ্টা অব্যাহত রয়েছে। জনমানবহীন শ্মশানের পাশে ফেলে যাওয়া এই শিশুটিকে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই উদ্ধারকারী সন্ধ্যা রানীর সাহসিকতা ও মাতৃত্বের প্রশংসা করছেন।

(আরএম/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)