বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার-ফ্লৌ মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তার প্রতিনিধি হিসেবে দলীয় নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ, ২০০ জন কৃষকের মাঝে পাটের বীজ এবং ২০ জন কৃষকের মাঝে তিল বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ৪ জন কৃষককে ৪টি পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার-ফ্লৌ মেশিন দেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, কৃষক দলের আহ্বায়ক ইমদাদুল হক বাদশা, যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, বালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাকুল্যা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন বলেন,বর্তমান সময়ে প্রকৃত কৃষকদের মূল্যায়ন করা হচ্ছে। সরকার প্রদত্ত বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

অন্যান্য বক্তব্যরা বলেন বিনামূল্যে কৃষি প্রনোদনা হিসেবে বীজ ও সার নিয়ে গিয়ে জমিতে ফসল ফলাবেন। এতে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, দেশের উন্নয়নে কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদেরও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভী।

(বিএস/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)