আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। ড. ইউনুস মাইনাস থেকে শূন্যতে নিয়ে এসেছিল। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরেও আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করে যাচ্ছি।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে। গুরুত্ব বিবেচনায় এনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে।
উদ্বোধনকৃত ব্রিজটি নিয়ে মন্ত্রী বলেন, এই ব্রিজের ফলে মানুষের যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। ভাটকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের রাস্তার কাজ শুরু করে দিয়েছি। এছাড়া বাসাইল বাজারে যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের চিন্তা করছি। দেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে গ্রামীণ জনপদকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর নবী আবু হায়াত খান নবু প্রমুখ।
(এসএম/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)
