নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় জেলা ও দায়রা জজের পৈতৃক বাড়ি থেকে ৪টি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
সিসি ক্যামেরা চুরির ঘটনায় আজ শনিবার দুপুরে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মঙ্গলহাটা গ্রামের মরহুম শেখ তবিবর রহমানের ছেলে ও নরসিংদীতে কর্মরত জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবিরের পৈতৃক বাড়ি থেকে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ৪টি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল। চুরি হওয়া ৪টি সিসি ক্যামেরার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
শনিবার সকালে সিসি ক্যামেরা চুরির ঘটনাটি জানাজানি হলে জেলা ও দায়রা জজের ভাতিজা একই গ্রামের লাল মিয়া শেখের ছেলে খিজির আহম্মেদ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগপত্র সূত্রে আরও জানা গেছে, জেলা ও দায়রা জজের পৈতৃক বাড়িতে বিগত ২০২৪ সালের ১১ মে রাতে তার মা খুন হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি নড়াইল জেলা সিআইডির অধীনে তদন্তাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের আশঙ্কা, সিসি ক্যামেরা চুরির ঘটনায় জড়িতরা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি এবং দ্রুত তদন্ত করে চুরির ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরএম/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)
