ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, চালক আহত
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত মেরিন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আকাশ একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলে (রেজি: রাজবাড়ি-হ-১১-৩৫৩০) করে উপাসনাকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লা (১৯)-কে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ডিসি/এএস/এপ্রিল ১৯, ২০২৬)
