দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক ভাবে অগ্নিকাণ্ডের ঘটনার পর স্বামী-স্ত্রীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) দিনগত রাত একটার দিকে দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিজ ঘরের মেঝে থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বরাত দিতে পুলিশ জানিয়েছে, রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়া ঘর তল্লাশি করতে গিয়ে মেঝেতে দেখতে পায় ওই দম্পতির মরদেহ পড়ে আছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস বা এলাকাবাসী এখনো নিশ্চিত করতে পারেনি।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দম্পতির মরদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বাড়িতে আগুনের প্রকৃত উৎস কী এবং দম্পতি কীভাবে মারা গেলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে প্রকৃত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
(এসএস/এসপি/এপ্রিল ২০, ২০২৬)
