এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত পৌর এলাকার নতুন পরিচয় পেল বগুড়াবাসী, দেশের ১৩ তম সিটি করপোরেশন হলো বগুড়া সিটি করপোরেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেন, এর মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

গতকাল সোমবার দুপুরের দিকে বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করে উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ বগুড়াবাসীর খুশির দিন। শহরটি আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল।

তারেক রহমান বলেন, আজ থেকে শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশনের যেসব সুযোগ-সুবিধা থাকে সে কাজগুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনও কিছু কাজ বাকি আছে।

বগুড়া সিটি করপোরেশন-এর নাম ফলক উন্মোচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধনসহ জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর জেলার গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে একটায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর বিকেল চারটায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, "আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আমি আবারও বলে দিতে চাই—সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে।”

জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।

(এটিআর/এসপি/এপ্রিল ২১, ২০২৬)