গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শেখ ব্রিকস, মোল্লা ব্রিকস ও গাজী ব্রিকসকে জরিমানা ধার্য করে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।
এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ অভিযানে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ারসার্ভিস সহযোগিতা প্রদান করে।
সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি স্কেভেটর/পেলোডারের সাহায্যে ইটভাটার কিলন ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে ৯ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। জেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
(টিবি/এসপি/এপ্রিল ২১, ২০২৬)
