চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
ঈশ্বরদী প্রতিনিধি : চট্টগ্রামের সিটি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন এবং উপজেলা ছাত্রদল নেতা আল আমিন হোসেন।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মৃদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্তসহ কলেজ ও উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘জামায়াত-শিবির যেখানে, প্রতিরোধ হবে সেখানে’, ‘জামায়াত-শিবির রাজাকার, ক্যাম্পাস ছাড় এখনই’, ‘শিবিরের সন্ত্রাস রুখে দাও’ এবং ‘জিয়ার সৈনিক এক হও’।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলা পরিকল্পিত এবং এর পেছনে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে। তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের চেতনা এখনও অটুট রয়েছে এবং এ দেশে সহিংস রাজনীতির কোনো স্থান নেই।
বক্তারা আরও বলেন, একাত্তরের চেতনার বিরোধী শক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা প্রতিহত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধ করার দাবি জানান।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবির প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে তারই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা অব্যাহত থাকলে অতীতের মতো কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
(এসকেকে/এসপি/এপ্রিল ২২, ২০২৬)
