৩ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ধর্ষণ, অপহরণ ও হত্যার তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় ২ লাখ ও আরেক মামলায় ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (রঃ) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া অপর ধারায় তাদেরকে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এলাকায়। এছাড়া শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায় অপর দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালাম ও রুকুর বাড়ি।
অপরদিকে, ইসলামপুর উপজেলার পচাবহলায় এক নারীকে অপহরণের মামলায় আব্দুল হাই মন্ডল, মো. আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
একই আদালত বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন।
তিনটি রায় ঘোষণার সময় মোট ৪ আসামি উপস্থিত থাকলেও পলাতক রয়েছে দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা।
(আরআর/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)
