নেপালের কাছে হেরে সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ নারী দল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় লাল-সবুজ প্রতিনিধিদের।
তবে এই হারের পরও গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দু ছাড় দেয়নি।
বিরতিতে যাওয়ার সময় ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে।
শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ এবং বাংলাদেশ ৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যারা।
গ্রুপ পর্বে রানার্স আপ হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি স্থানীয় সময় বিকেল চারটায় এবং বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে।
কাবাডিতে ভারত ঐতিহ্যগতভাবেই শক্তিশালী দল, তবে বিচ কাবাডিতে বালুর ওপর কৌশলী লড়াইয়ে অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত বাংলাদেশও।
(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০২৬)
