স্টাফ রিপোর্টার : ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় একটি সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। এডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি।

তিনি বলেন, আমি নগরবাসীকে অনুরোধ করবো, আপনারা নিজ নিজ বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখুন যাতে কোথাও পানি জমে না থাকে।

মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে প্রশাসক আরও জানান, কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরই মধ্যে নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০২৬)