প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে ইতি আক্তার (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গাংজগদিয়া এলাকার মৃত ফেলু মাতুবরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাংজগদিয়া এলাকায় নিজ বাড়ির একটি টিনশেড ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইতি আক্তার।

নিহতের ছোট বোন সাবিনা ইয়াসমিন সকালে ঘুম থেকে উঠে বোনকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে ওড়না কেটে তাকে নিচে নামানো হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরিবার ও এলাকাবাসীর দাবি, ইতি আক্তার স্থানীয় একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং মোবাইল গেমে আসক্ত ছিলেন। পাশাপাশি তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। সম্প্রতি ওই সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(পিবি/এসপি/এপ্রিল ২৬, ২০২৬)