মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ের তান্ডবে মুন্সীগঞ্জ-লৌহজং সড়কের বিভিন্ন স্থানে গাছ পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করলে সড়কে স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক হয়।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ-লৌহজং সড়কের ঘোড়দৌড় বাজার, কনকসার বাজারসহ আরও কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ের কারণে সড়কের ওপর কয়েকটি গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তি পড়েন যাত্রীরা।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ও লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে গাছ কেটে অপসারণের মাধ্যমে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়। তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি দাবী করেন।

(এমকে/এসপি/এপ্রিল ২৭, ২০২৬)