গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এলএসটিডি বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেছে ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি)। ব্রি’ গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় এসব পাত্র বিতরণ করা হয়।

আজ সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী দক্ষিণপাড়া গ্রামে প্রধান অতিথি ব্রি’র পরিচালক (গবেষণা) মো: রফিকুল ইসলাম বীজ সংরক্ষণ পাত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ব্রি’ গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চীফ সাইন্টিফিক অফিসার ড. আমিনা খাতুনের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারী মো: আব্দুল্রাহ আল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্রি’ গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো: রোমেল বিশ্বাস, ড. মো: হুমায়োন কবির, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বোড়াশী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী সিকদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ৫ জন কৃষক ও কৃষাণীর হাতে ৫টি বীজ সংরক্ষণ পাত্র তুলে দেন।

ব্রি’ গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. আমিনা খাতুন বলেন, বীজ সংরক্ষণের জন্য আমাদের কার্যালয় থেকে এলএসটিডি প্রকল্পের আওতায় বীজ সংরক্ষণপাত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এদিন ৫ কৃষক ও কৃষাণীর হাতে ৫টি বীজ সংরক্ষণ পাত্র তুলে দেন প্রধান অতিথি। আমাদের কার্যালয় থেকে পর্যায়ক্রমে ২০টি বীজ সংরক্ষণপাত্র বিতরণ করা হবে। এতে কৃষক বীজ সংরক্ষণ করতে পারবে। পরবর্তী বছর কৃষক এ বীজ দিয়ে চাষাবাদ করতে পারবেন।ফলে বীজ খরচ সাশ্রয় হবে।

(টিবি/এসপি/এপ্রিল ২৭, ২০২৬)