পানিতে ডুবে দুই বোনের মৃত্যু, পরিবারের পাশে দাঁড়ালেন শাহজাহান এমপি
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচরে মাছ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, খবর পেয়ে পরিবারটিকে সমবেদনা ও আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
দুই বোনের মৃত্যুর ঘটনাটি ঘটে ২৬ এপ্রিল (রবিবার) সুবর্ণচর উপজেলার ৩ নং চর ক্লার্ক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ চরক্লার্ক গ্রামে।
আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের নির্দেশে ২৭ এপ্রিল (সোমবার) বিকেল ৫টায় সমবেদনা জ্ঞাপন করতে মাইন উদ্দিনের বাড়ীতে ছুটে যান নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহবায়ক রিয়াজ সিদ্দিকী সৈকত সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জরুল আখতার মজনু, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান, সৈকত সরকারি কলেজের সাবেক সদস্য সচিব তানভীর আহমেদ পলক , জিয়া সাইবার ফোর্স আহবায়ক আব্দুর রহমান রায়হান, এডভোকেট মহি উদ্দিন মহিম, বিএনপি নেতা বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক সাউথ আফ্রিকা প্রবাসী আবুল কাশেম।
পরে শাহজাহানের পক্ষে নগদ অর্থ প্রদান করেন এবং তার ঝুপড়ী ঘরটি বসযোগ্য করে তোলার জন্য টিন সহ আনুষাঙ্গিক অনুদান দেয়ার আশ্বাস দেন।
এসময় মাইন উদ্দিন তার সন্তানদের শোকে আহাজারি শরু করেন।
উল্লেখ যে, ২৬ এপ্রিল (রবিবার) ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ চরক্লার্ক গ্রামের মাইন উদ্দিনের শিশু কণ্যা রোকসানা (৮) সকাল ৯ টায় পাশের পুকুরে মাছ ধুতে যান সাথে করে ছোট বোন , হাফসানা (৫) কে সাথে নিয়ে যান। ১ ঘন্টা ধরে তাদের কোন খোঁজ না পেয়ে বেলা ১১ টা ১৫ মিনিটে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে গিয়ে দু বোনের লাশ দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ঐ বাড়িতে স্বান্ত্বনা দিতে যান সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
(আইইউএস/এএস/এপ্রিল ২৮, ২০২৬)
