গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী হীরা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলি হীরা (১৫) নামের অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী গ্রামের জয় চৌধুরীর (২৩) সাথে বিবাহ দেওয়া হচ্ছিল। খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাস ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল আমিন হালদার, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে । এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পরে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

(টিবি/এএস/এপ্রিল ২৮, ২০২৬)