সালথা প্রতিনিধি : পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো এবার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মুহা: তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, সালথা থানার এসআই অপূর্ব কুমার, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়ামের গুরুত্ব অপরিসীম এবং সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(এএন/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)