রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার সফর করেছেন। সেখানে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

সকাল ৯টায় আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সড়কপথে রাঙ্গামাটি থেকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটে (নদীর উত্তর পার্শ্বে) এসে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান,চিৎমরম সাবেক চেয়ারম্যান খ্যাইস্যা অং মারমা। পরবর্তীতে তিনি ইঞ্জিনচালিত নৌকাযোগে নদী পার হয়ে ৯টা ২০ মিনিটে নদীর দক্ষিণ পার্শ্বে ঘাটে পৌঁছালে আঞ্চলিক পরিষদের সদস্য মংনুচিং মারমা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং মারমা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বিহার প্রাঙ্গণে পৌঁছানোর পর শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ধর্মীয় কার্যাদিতে অংশ নেন এবং উপাসক-উপাসিকাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ধর্মীয় কর্মসূচি শেষে সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি আঞ্চলিক পরিষদের সদস্য মংনুচিং মারমার বাসভবনে চা-চক্র ও বিশ্রামে অতিবাহিত করেন।

চেয়ারম্যানের এই সফরে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সুমন মারমা, সুশীল চাকমা, জলি মং মারমা, উইয়চিং মারমা, খোকন মারমা।

এছাড়াও তার পরিবারের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি পুনরায় সড়কপথে (আসামবস্তী সড়ক হয়ে) রাঙ্গামাটির উদ্দেশ্যে রওয়ানা হন। ফেরার পথে মগবান ইউনিয়ন এলাকার বার্গী লেক ভ্যালীতে তিনি সফরসঙ্গীসহ মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানা গেছে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই সফর সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর প্রতি সংশ্লিষ্টরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

(আরএম/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)