দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ঐতিহাসিক শ্রীধাম শ্রীঅঙ্গন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার। আজ মঙ্গলবার দুপুরে তিনি শ্রীঅঙ্গনে পৌঁছালে আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী এবং শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক বন্ধু প্রীতম ব্রহ্মচারী, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিজন কান্তি সরকার বলেন, "ফরিদপুরের এই পবিত্র ভূমিতে আবহমানকাল ধরে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।"

তিনি আরও বলেন, "জনগণের সমর্থন নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। প্রতিটি সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে ও নিরাপত্তার সাথে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব এবং বর্তমান প্রশাসন সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবে।"

বক্তব্য শেষে তিনি শ্রীঅঙ্গনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)