একে আজাদ, রাজবাড়ী : সাড়ে ৩ বছরের মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে কিছু বাজার-সদাই আনতে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।তবে মেয়ে সাফিয়া সুস্থ আছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়,সুমন একটি এনজিওতে চাকরি করতেন। তবে সম্প্রতি তিনি চাকরি ছেড়ে বাড়িতেই ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে তিনি সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে কিছু বাজার-সদাই আনতে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমাদের টিম ঘটনাস্থলে ও হাসপাতালে যাচ্ছে।

(একে/এএস/এপ্রিল ২৯, ২০২৬)