রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা শহরের উত্তর আলীপুর এলাকায় মোহাম্মদ মেহেদী হাসান (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ন্যাশনাল আইডিয়াল স্কুল সংলগ্ন লিটন খানের ভাড়া বাসা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান (২৬) কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার পূর্ব বামপাড়া এলাকার মামানুর রশীদের ছেলে বলে জানা গেছে।

নিহত যুবক ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের উত্তর আলীপুর এলাকায় বসবাস করতেন। তিনি আলীপুর গোরস্থান রোড সংলগ্ন একটি অটোরিকশা গ্যারাজে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ওই এলাকায় তার শ্বশুরবাড়িও রয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে মেরে ঝুলিয়ে রেখেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

মেহেদীর লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ শহিদুল ইসলাম।

(আরআর/এএস/এপ্রিল ২৯, ২০২৬)