রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে নেমে বজ্রপাতে শামীম (৩৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

আজ বুধবার ভোরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তরবাড়ি এলাকায় নদীতে বজ্রপাত হলে মারা যান ওই যুবক। নিহত শামীম মরাকান্দি উত্তরবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে শামীম ৫/৬ জন সঙ্গীর সাথে নিকটস্থ নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় শুরু হয় বৃষ্টিসহ বজ্রপাত। সঙ্গীরা নিরাপদ অবস্থানে চলে গেলেও মাছ ধরতেই থাকেন শামীম। এ সময় শামীমের পাশে বজ্রপাত হলে তিনি সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই নদীতে মাছ ধরতে আসা তার সঙ্গীরা এগিয়ে এসে তাকে মৃত উদ্ধার করেন। বজ্রপাতে মাছ ধরতে আসা অন্যান্য লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে ইসলামপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল কাইয়ূম গাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ-আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(আরআর/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)