গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি : ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় আজ বুধবার ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় দিবসটি উদযাপন করে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরে একটি সংক্ষিপ্ত র্যালী বের করা হয়। র্যালীটি একই স্থানে গিয়ে শেষে হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুাষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. রাশেদুজ্জামান এবং শব্দ দূষণের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আলোচনায় অংশ নেন গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. পলাশ চন্দ্র রায়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান , মসজিদের ইমাম, পরিবহন মালিক, শ্রমিক, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
(টিবি/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)
