ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দাশুড়িয়া ইউনিয়নের চন্দ্রাবতী চ্যানেলের শ্যামপুর হাজামপাড়া এলাকায় আব্দুল মান্নানের পুকুর সংলগ্ন স্থান থেকে সাটুরিয়া বাজার পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এবং দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিহাব উদ্দিন। খাল পুনঃখনন প্রকল্পটি বাস্তবায়ন করছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি খালে পানি সংরক্ষণ ও মাছ চাষের সুযোগও বাড়বে, যা স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।

তারা খাল সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, খালে পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। খালের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষা করা গেলে এ প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে ভোগ করা সম্ভব হবে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)