ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে ভুয়া ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিতে গিয়ে আটক দুই যুবককে ১৪ হাজার ৫'শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা ইউএনও'র স্বাক্ষর জাল করে এই ভুয়া ফুয়েলকার্ড তৈরি করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফয়সাল আহমেদ এবং মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম আহমেদ।
আজ বুধবার দুপুরে উপজেলার ‘তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে’ ওই দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে অন্যান্য চালকদের সাথে মোটরসাইকেল নিয়ে 'তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে' তেল নিতে আসেন ফয়সাল ও ওয়াসিম। তারা ট্যাগ অফিসারের কাছে ফুয়েল কার্ড প্রদর্শন করলে সেখানে ইউএনওর স্বাক্ষর জাল বলে সন্দেহ হয়। পরে উপজেলা প্রশাসন স্বাক্ষরের সত্যতা যাচাই করলে সেটি জাল বলে প্রমাণিত হয়।
এ ঘটনায় ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও সুমন চৌধুরী বলেন, ভুয়া ফুয়েল কার্ড তৈরি করে তেল নেয়ার চেষ্টা করেন ওই দুই যুবক। কার্ডে আমার স্বাক্ষর তারা জাল করেছেন। ঘটনাটি প্রমাণিত হওয়ায় জালিয়াতির দায়ে তাদেরকে অর্থদণ্ড করা হয়।
(আরআর/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)
