ফুলপুরে নাতির হাতে দাদি খুন
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বৃদ্ধা দাদিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত নাতি। বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দাদি আয়েশা আক্তার (৭৮) ঘাতক নাতি জসিম উদ্দিনের সঙ্গে একই বাড়িতে থাকতেন। জসিম উদ্দিন (২৮) এলাকার মাদকাসক্ত বখাটে ছেলে। তার বাবা মারা যাওয়ার পর মা অন্যত্র বিয়ে করে চলে যান। জসিমের মা জমিজমা নেশাগ্রস্ত ছেলেকে না দিয়ে ননদের কাছে হস্তান্তর করেন। ওই জমি ফেরতের জন্য জসিম প্রায়ই তার দাদির সঙ্গে ঝগড়া করত। এ নিয়ে বুধবার রাতে দাদি-নাতির মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে বাড়ির উঠানে দাদিকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে জসিম। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এসআই/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)
