রিপন মারমা, রাঙ্গামাটি : জগতের সকল প্রাণী সুখী হোক’—এই চিরন্তন মৈত্রী বাণীর মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত (জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ) এই পবিত্র দিনে কাপ্তাইয়ের ঐতিহাসিক চিৎমরম বৌদ্ধ বিহারে ছিল পুণ্যার্থীদের আগমন।

পাহাড়ের ঐতিহ্যের লীলাভূমি কাপ্তাই উপজেলাধীন ঐতিহাসিক চিৎমরম বৌদ্ধ বিহারে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। দিনের কর্মসূচি শুরু হয় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ পূজা এবং পিন্ডদানের মধ্য দিয়ে। বিহারের অধ্যক্ষের উপস্থিতিতে বরেণ্য ভিক্ষু ও ধর্মীয় পণ্ডিতগণ গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের দর্শন নিয়ে আলোচনা করেন। বক্তারা বর্তমান অশান্ত পৃথিবীতে বুদ্ধের মৈত্রী ভাবনার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরেন।

বোধিবৃক্ষে জলসেচন ও বিশেষ প্রার্থনা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, গৌতম বুদ্ধ যে বৃক্ষের নিচে বসে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, সেই স্মৃতিকে অম্লান রাখতেই পালিত হয় ‘জল ঢালা’ উৎসব।সকাল থেকে দূর-দূরান্ত থেকে আসা শত শত পুণ্যার্থী সারিবদ্ধভাবে জাদি প্রাঙ্গণে অবস্থিত অর্ধশতবর্ষী পবিত্র বোধিবৃক্ষে জলসেচন করেন।
সকালে পূজা ও ধর্মদেশনা শেষে নারী-পুরুষ ও শিশু-কিশোর নির্বিশেষে চন্দন কাঠের সুবাসিত পানি ও ঝর্ণার পবিত্র বারিধারা নিয়ে বিহার প্রদক্ষিণ করেন। এ সময় সমবেত প্রার্থনায় বিশ্বশান্তি ও মানবিক কল্যাণের জন্য দেশনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সূত্রপাঠ ও সূত্রশ্রবণের মধ্য দিয়ে দিনটির মাহাত্ম্য তুলে ধরা হয়।চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আগত পুণ্যার্থীদের মাঝে শরবত বিতরণ করে সেবার হাত বাড়িয়ে দেয়। প্রখর রোদে পুণ্যার্থীদের তৃষ্ণা মেটাতে শিক্ষার্থীদের এই আন্তরিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

রাঙ্গামাটি ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা পুণ্যার্থীরা চিৎমরম বিহারের শান্ত ও মনোরম পরিবেশে উৎসব পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। আগত এক পুণ্যার্থী সংবাদ মাধ্যমকে জানান, "আমরা প্রার্থনা করেছি যেন পৃথিবী থেকে সকল যুদ্ধ-বিগ্রহ ও অশান্তি দূর হয় এবং সকল মানুষ যেন সম্প্রীতির সাথে বসবাস করতে পারে।"

কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রশাসনের সতর্ক নজরদারিতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ধর্মীয় আচারসমূহ সম্পন্ন হয়েছে। 'অহিংসা পরম ধর্ম'—এই মূলমন্ত্রকে ধারণ করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসব পাহাড়ের বুকে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছে।

(আরএম/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)