রিপন মারমা, রাঙ্গামাটি : কৃষি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ‘ফিল্ড কংগ্রেস’এর শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও টেকসই কৃষির রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আজ বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাই উপজেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh’ (PARTNER) প্রকল্পের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং পার্টনার ফিল্ড শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিল্ড কংগ্রেসের উদ্বোধন করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “কৃষিখাতে প্রকৃত উন্নয়ন ও উৎপাদন বিপ্লব ঘটাতে হলে উদ্যোক্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের স্মার্ট কৃষি গড়ার লক্ষে কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ প্রান্তিক কৃষকদের ভাগ্যোন্নয়নে ব্যাপক সুফল বয়ে আনছে।”

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়।

বক্তারা বলেন, এ ধরনের প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবেন, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনু চিং মারমা। কৃষকদের পক্ষ থেকে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরে বক্তব্য রাখেন কৃষক আশীষ কুমার তঞ্চঙ্গ্যা

উদ্বোধনী পর্ব শেষে ‘পার্টনার’ প্রকল্পের কার্যক্রম ও এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় কৃষকরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

(আরএম/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)