সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা “মহান মে দিবস” লেখা ব্যানার ও সবুজ বেলুন হাতে নিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডি এম রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেন। তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই বিশ্বব্যাপী পালিত হয় মহান মে দিবস।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন সমস্যা কথা ও দাবি তুলে ধরেন জেলা প্রশাসকের সামনে এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক।
(আরকে/এসপি/মে ০১, ২০২৬)
