তষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ির সামনে সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান শিকদার, মো. শাহীন সিকদার, পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত দু'বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে এলজিইডির অর্থায়ণে একটি ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর কিছু দিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে ব্রীজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এলাকার জনস্বার্থে ব্রিজের কাজটি পুনরায় শুরু করার জন্য বক্তরা দাবি জানায়।

এলজিইডির কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম বলেন, ঠিকাদার ব্রীজটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু এলাকার কিছু লোকের বাধার মুখে ব্রীজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এ কাজ অরম্ভ করার জন্য আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

এ বিষয়ে জানার জন্য পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

(টিবি/এসপি/মে ০২, ২০২৬)