ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩ মে) সমিতির অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতির লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে মো. আমির হোসেন কনক সভাপতি এবং সঞ্জয় কুমার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে রেজাউল হক, কোষাধ্যক্ষ হিসেবে মো. আল আমিন, দপ্তর সম্পাদক পদে শরিফউদ্দিন নয়ন এবং প্রচার সম্পাদক হিসেবে মো. লিটন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মো. আবুল হোসেন, আলহাজ্ব ফজলুল হক, আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, মো. বছির আহমেদ ও আজাদ হোসেনকে সমিতির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের ঐক্য, অধিকার সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

(এসকেকে/এসপি/মে ০৩, ২০২৬)