নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বহুল প্রতীক্ষিত নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে এন.বি.এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
একই সঙ্গে সজিব রহমান সজিবকে সভাপতি ও করিম উদ্দিন চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল এবং আবদুর রহমান আনাসকে আহবায়ক ও আশরাফুল করিম পাবেলকে সদস্য সচিব করে নোয়াখালী পৌরসভা ছাত্রদল এবং একই সঙ্গে জামাল আহমেদকে আহবায়ক ও আব্দুল্যাহ আল আরিফকে সদস্য সচিব করে সুবর্ণচর উপজেলা কমিটিও অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচিত ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাজিম উদ্দিন রনিকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন।
৩৭ সদস্যের এই কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সহ-সাধারণ সম্পাদকসহ পৃথকভাবে প্রচার, দপ্তর ও সাহিত্য-প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, ঘোষণার ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পরপরই নোয়াখালীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে অভিনন্দন বার্তায় সরগরম হয়ে ওঠে নেতাকর্মীদের প্রোফাইল ও টাইমলাইন।
(এস/এসপি/মে ০৩, ২০২৬)
