‘পশ্চিমবঙ্গে বদলা নয়, বদল হবে’
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়কে ‘ঐতিহাসিক অধ্যায়’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, এটা রাজ্যের উন্নয়নের এক নতুন অধ্যায়ের শুরু।
নয়াদিল্লিতে দলটির প্রধান কার্যালয়ের সামনে এক সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বাংলা ভাষাতেই বললেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় সমর্থকদের উদ্দেশে সমাবেশে মোদী বলেন, বাংলা এখন ভয়মুক্ত ও আমাদের উন্নয়নের প্রতিশ্রুতির ওপর ভরসা রেখেছে।
ভারতের উত্তরের রাজ্যগুলোও বিজেপির শাসনাধীন। এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী এ সময় বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সবখানেই পদ্ম ফুটেছে।
এ সময় সব রাজনৈতিক দলের প্রতি মোদী প্রতিহিংসা নয়, পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বদলা নয়, বদল হবে। ভয়ের কথা নয়, ভবিষ্যতের কথা হবে।
এরপর বিদায়ী তৃণমূল সরকারের সমালোচনার সুর ধরেন মোদী। বলেন, হিংসা, তুষ্টিকরণে রাজনীতিকে মূল থেকে উপড়ে ফেলেছে মানুষ। আজ থেকে বাংলার ভবিষ্যতের এমন যাত্রা শুরু হচ্ছে যেখানে, বিকাশ-বিশ্বাস এগিয়ে যাবে। বাংলার উন্নতির জন্য বিজেপি দিন-রাত এক করে দেবে। বাংলায় নারীদের সুরক্ষার বাতাবরণ থাকবে। তরুণরা কাজ পাবে। প্রথম ক্যাবিনেটে আয়ুষ্মান ভারত চালু হবে। পাশাপাশি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
(ওএস/এএস/মে ০৫, ২০২৬)
