রাজবাড়ীতে অবৈধ পোল্ট্রি খামার অপসারণের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামে বসতবাড়ির পাশে গড়ে ওঠা একটি অবৈধ পোল্ট্রি খামার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ৪ হাজার মুরগির এই খামারের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন এবং চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ তোয়াক্কা না করে খামারটি চালু রাখায় ক্ষোভ জানিয়েছেন তারা।
আজ মঙ্গলবার দুপুরে কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার বাড়ির উঠানে আয়োজিত এ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিবেশী সোহেল মন্ডল কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ৪ হাজার মুরগির এই ‘মন্ডল পোল্ট্রি ফার্ম’ গড়ে তুলেছেন।
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় খামারের বর্জ্য পাইপ দিয়ে সরাসরি ফেলা হচ্ছে পাশের সরকারি খালে। এতে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি মশা ও মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয় শিশু ও বৃদ্ধরা।
ভুক্তভোগীরা জানান, খামারটি বন্ধের জন্য এ পর্যন্ত তিনবার পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। এরই প্রেক্ষিতে জেলা পরিবেশ অধিদপ্তর দুবার খামারটি বন্ধের নোটিশ দিলেও তোয়াক্কা করছেন না মালিকপক্ষ। এমনকি সাত কার্যদিবসের মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশও অমান্য করা হয়েছে।
এদিকে রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। বারবার নোটিশ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় এখন কঠোর আইনি পদক্ষেপের পথে হাঁটছে কর্তৃপক্ষ।
জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত এই অবৈধ পোল্ট্রি খামারটি অপসারণ করে বসবাসের উপযোগী পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।
(একে/এসপি/মে ০৫, ২০২৬)
