সাম্রাজ্যবাদী ও যুদ্ধ বিরোধী জোটের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা বগুড়ায় অনুষ্ঠিত
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে- সাম্রাজ্যবাদী ও যুদ্ধ বিরোধী জোট কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় প্রতিনিধি সভার অংশ হিসাবে বগুড়া জেলা শাখার উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া উদীচী কার্যালয়ে আজ মঙ্গলবার সকালে জোটের জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভা শেষে দুপুর আড়াইটায় প্রতিবাদী মিছিল শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় নির্বাচনের মাত্র ৩দিন আগে অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর করেছে। কয়েকদিনের মধ্যেই নির্বাচন এবং নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসবে-একথা জেনেও এ ধরনের একটি চুক্তিতে স্বাক্ষর করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন যে, এই চুক্তি স্বাক্ষর করার বিষয়ে বিএনপি-জামায়াতের সম্মতি ছিল।
নেতৃবৃন্দ আরো বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার এবং চুক্তি এখনো কার্যকর হয়নি। মালয়েশিয়া ইতিমধ্যেই চুক্তি বাতিল করেছে, ভারত চুক্তু স্থগিত করেছে। তাই চুক্তি কার্যকর হওয়ার আগেই মালয়েশিয়ার মতো বিএনপি সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। ইতিপূর্বে অন্তর্বর্তী সরকার চট্টগ্রামে লালদিয়ায় নতুন টার্মিনাল নির্মাণ এবং পানগাঁও টার্মিনাল হ্যান্ডলিং-এর জন্য বিদেশি সুইডেন ও ডেনমার্কের কোম্পানিকে ইজারা দিয়েছে। লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড নামক বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা করেছিল। যা এখনও চলমান আছে। অবিলম্বে লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে। আমেরিকা, ভারতসহ সন্ত্রাজ্যবাদী দেশের সাথে স্বাধীনতাত্তোরকালে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।
আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ চট্টগ্রাম বন্দর, রামপাল, রূপপুর, আদানি ও টার্মিনাল সংক্রান্ত জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে স্বাক্ষরিত সব চুক্তি ও প্রকল্পগুলো বাতিলে সরকারকে বাধ্য করতে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক, পেশাজীবী সংগঠন, ব্যক্তি, গোষ্ঠীসহ সকল দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন, সিপিবি কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য মোশারফ হোসেন নান্নু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান, গণফ্রন্ট কেন্দ্রীয় সদস্য কাজী শওকত হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ জাসদ জেলা সাংগাঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুখুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য সচিব দিলরুবা নূরী।
(এটিআর/এসপি/মে ০৫, ২০২৬)
