৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারবারি আটক
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
আজ মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জের সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকা থেকে ওই কারবারিকে আটক করা হয়।
আটককৃত আবদুল মান্নান কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের হানিফ আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির সদস্যরা। অভিযানে ওই মাদক কারবারির কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্তে নিয়মিত টহল জোরদার এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
(আরআর/এসপি/মে ০৫, ২০২৬)
