স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৫ মে) বিচারপতি জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ (ডিসচার্জ) করে রায় দেন।

এর আগে গত ৩ মে মোজাম্মেল বাবুর জামিন প্রশ্নে আদেশের দিন ধার্য ছিল। তবে এক দফা পিছিয়ে আদালত আদেশের জন্য ৫ মে নতুন দিন ধার্য করেছিলেন।

গত ২৭ এপ্রিল কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি।

প্রসঙ্গত, ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। আর মোজাম্মেল বাবু সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।

ওই বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে আটক করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়।

(ওএস/এএস/মে ০৬, ২০২৬)