বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস নিবন্ধন
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (৬ মে) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, এ সময় বিআরটিএ সার্ভার ও স্টোরেজের মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লিখিত সময়ে ফুয়েল পাসের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।
দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোয় শৃঙ্খলা আনতে কিউআর কোডভিত্তিক সেবা চালু করেছে সরকার। ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) মাধ্যমে এ সেবা দেওয়া হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সমন্বয়ে চালু হওয়া এই সিস্টেমে নিবন্ধন করা অত্যন্ত সহজ। আপনার স্মার্টফোন বা পিসি ব্যবহার করে ঘরে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন তথ্য (ব্লু বুক/স্মার্ট কার্ড), চ্যাসিস ও ইঞ্জিন নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে। ব্যবহারকারীরা fuelpass.gov.bd ওয়েবসাইট বা ‘Fuel Pass’ অ্যাপের মাধ্যমে সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
(ওএস/এএস/মে ০৬, ২০২৬)
