রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পূনরায় অপদ্রব্য মিশ্রিত করে প্রক্রিয়াজাত করে বাজারজাত করার  অভিযোগে রতন মাঝি নামে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাভিল হোসেন তামিম।

অভিযান পরিচালনাকালে প্রমাণ পাওয়া যায়, দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পাম তেলসহ বিভিন্ন উপাদান মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) এবং বাংলাদেশ পুলিশের একটি দল।

অভিযানকালে কারখানা থেকে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল এবং প্রায় ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত রতন মাঝি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসুদেব মাঝির ছেলে । তিনি ব্রহ্মরাজপুর বাজারে “মা সুইটস” নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সাধারণ জনগণ জানান নিয়মিত ভেজাল বিরোধী অভিযান করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে।

(আরকে/এএস/মে ০৬, ২০২৬)