রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ (মাদারগঞ্জ) ছাত্রদলের সভাপতি কামরুজ্জামানের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

৫ মে রাতে প্রাপ্ত জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা ছাত্রদলের আওয়াতাধীন "জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ (মাদারগঞ্জ) ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান এর সাংগঠনিক পদ স্থগিত করা হলো।'

'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।'

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দেওয়া সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার পদ স্থগিত করা হয়েছে। এর আগে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি যে হলে থাকেন তার ভাড়া দেন না। ক্লাস করেন না। এমনকি কলেজ শিক্ষকদের সাথে নানা সময় অসৌজন্যমূলক আচরণ করেছেন। ছাত্রদলের নাম ভাঙিয়ে বা পদ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড সংগঠনের আদর্শ পরিপন্থি। এসব সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

(আরআর/এসপি/মে ০৬, ২০২৬)