ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের জেল
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরিয়ায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্ত ওই দুই যুবক হলেন- পৌর শহরের ডালবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে সাহেব আলী (২৫) ও মৃত জমশেদ আলীর ছেলে শাহ আলী (২৮)।
জানা গেছে, দুপুরে দণ্ডপ্রাপ্ত ওই দুই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরিয়ায় ইয়াবা সেবন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ পিস ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, আটকের পর ওই দুই যুবক ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এ অপরাধে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
(আরআর/এসপি/মে ০৬, ২০২৬)
